

গাজী মোহাম্মদ মহসিন :
চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব হোসেনপুর নমপাড়ায় টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

ওই এলাকার অন্তত ৪০টি সনাতন ধর্মাবলম্বী পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের চলাচলের কষ্ট লাঘবে ব্যক্তিগত অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন আশিকাটি ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আশিকুর রহমান সুমন।
স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছিল। এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থী ও কোমলমতি শিশুদের দৈনন্দিন যাতায়াতও প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। বাঁশের সাঁকোটি নির্মিত হওয়ায় বর্তমানে সাময়িকভাবে তাদের চলাচলের পথ সুগম হয়েছে।
এ বিষয়ে অধীর চন্দ্র সরকার, সুমন চন্দ্র সরকার, সিক্কা চন্দ্র সরকার ও দীপালী সরকারসহ ভুক্তভোগী পরিবারের প্রতিনিধিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এ দুর্ভোগের স্থায়ী সমাধানের জন্য চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের দৃষ্টি আকর্ষণ করে এলাকায় একটি স্থায়ী কালভার্ট বা সেতু নির্মাণের জোর দাবি জানান তারা।
উদ্যোগটির বিষয়ে স্থানীয় বিএনপি নেতা আক্তার হোসেন গাজী বলেন, “আশিকুর রহমান সুমনের এই মানবিক পদক্ষেপে পানিবন্দী পরিবারগুলোর সাময়িক কষ্ট দূর হয়েছে। এতে সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি ও আস্থা আরও উজ্জ্বল হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন।”
নিজের এই মানবিক উদ্যোগ সম্পর্কে বিএনপি নেতা আশিকুর রহমান সুমন বলেন, “সৃষ্টিকর্তার প্রতিটি জীবের সেবা করাই সবচেয়ে বড় মানবধর্ম। সেই মানবিক বোধ থেকেই আমি নিজ অর্থায়নে প্রায় ২০ হাজার টাকা খরচে বাঁশের সাঁকোটি তৈরি করে দিয়েছি। আমি সর্বদা নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকতে চাই। আমাদের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয়ের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে এখানে একটি স্থায়ী কালভার্ট নির্মাণের সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ।”
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
















