

সজীব খান :
চাঁদপুরে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতা, সৌজন্যমূলক আচরণ ও জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর দাস। প্রতিদিন সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যানবাহন চালকদের সঙ্গে আন্তরিক ও সহানুভূতিশীল আচরণের কারণে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
জেলার বিভিন্ন সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালক, বাস, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা জানান, ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর হলেও তিনি কখনো অসৌজন্যমূলক আচরণ করেন না। বরং সমস্যায় পড়া চালকদের কথা ধৈর্যসহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন।

চালকদের ভাষ্য, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি যেমন নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তেমনি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাঁর ভদ্র ব্যবহার, হাসিমুখে কথা বলা এবং সেবামূলক মনোভাবের কারণে চালকদের মধ্যে তাঁর প্রতি আলাদা শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয়েছে।
বিভিন্ন পরিবহন চালকরা বলেন, একজন ট্রাফিক কর্মকর্তার মধ্যে যে মানবিক গুণাবলি থাকা প্রয়োজন, তার উজ্জ্বল উদাহরণ টিআই প্রবীর দাস। তাঁর সৌজন্যমূলক আচরণ ও সহযোগিতাপূর্ণ মনোভাবের কারণে প্রতিদিন সড়কে দায়িত্ব পালন আরও সহজ ও স্বস্তিদায়ক হয়ে উঠছে। ফলে সিএনজি, অটোরিকশা এবং বড় যানবাহনের চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
প্রকাশিত :শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

















