

নিউজ ডেস্ক :
হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অলিপুর-উটতলী সেতু নির্মাণ প্রকল্প আবারও বাস্তবায়নের পথে এগোচ্ছে।

ঠিকাদারি জটিলতা ও আদালতের মামলার কারণে প্রায় চার বছর ধরে স্থবির থাকা প্রকল্পটির নকশা পরিবর্তনের কাজ শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এখন নতুন করে টেন্ডার আহ্বানের প্রস্তুতি চলছে।
জানা গেছে, ২০২২ সালে প্রায় ১০৭ কোটি টাকা ব্যয়ে ৫৫০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল সুরমা এন্টারপ্রাইজ। কাজের প্রাথমিক পর্যায়ে ২০টি পিলারের নির্মাণ সম্পন্ন হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় এলজিইডি ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করে।
পরে ঠিকাদারি প্রতিষ্ঠান হাইকোর্টে মামলা করলে দীর্ঘ সময় প্রকল্পের সব কার্যক্রম স্থগিত হয়ে যায়। মামলার নিষ্পত্তির পর এলজিইডি প্রকল্পটির নকশা পুনর্বিবেচনা করে।
সংশোধিত নকশা অনুযায়ী সেতুর দৈর্ঘ্য ৫৫০ মিটার থেকে কমিয়ে ৪৫১ মিটার করা হয়েছে। এর মধ্যে ১০৭ মিটার স্টিল স্ট্রাকচার হিসেবে নির্মাণ করা হবে। একই সঙ্গে নির্মাণ ব্যয়ও ১০৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ঠিকাদার নিয়োগের জন্য টেন্ডার প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। টেন্ডার সম্পন্ন হলে পুনরায় সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি নির্মিত হলে হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। (সূত্র : নয়াপ্রভাত)
প্রকাশিত :শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

















