অসহায়ের আস্থা, সাতক্ষীরার ‘গরিবের উকিল’ আকবর আলী

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা:

কারও জমি দখল হয়ে গেছে, কারও পরিবারে নির্যাতনের শিকার নারী বিচার চাইছেন, আবার কেউ অর্থের অভাবে আদালতের দরজায় দাঁড়াতেই পারছেন না। এমন অসহায় মানুষের পাশে আইনের হাতিয়ার নিয়ে দাঁড়ান তিনি। কখনো বিনা পারিশ্রমিকে, কখনো নামমাত্র খরচে মামলা পরিচালনা করে চেষ্টা করেন ন্যায়বিচারের পথটি সহজ করতে।

এমন অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন সাতক্ষীরা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী। মানুষের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দেওয়ার কারণে এভাবেই সাতক্ষীরা আদালতপাড়ায় তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘গরিবের উকিল’ নামে। পাশাপাশি সাতক্ষীরা জেলা জুড়ে তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘গরিবের উকিল’ হিসেবে।

খুলনা জেলার কয়রা উপজেলার বাগালী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সরদার বাড়িতে জন্ম অ্যাডভোকেট আকবর আলীর। তাঁর বাবা প্রয়াত মোহর আলী সরদারও ছিলেন জনসম্পৃক্ত একজন জনপ্রতিনিধি। মৃত্যুর আগ পর্যন্ত টানা প্রায় ২৫ বছর ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বাবার সেই জনসেবার ধারাবাহিকতাই যেন ভিন্ন পরিসরে ধারণ করেছেন অ্যাডভোকেট আকবর আলী।

উচ্চশিক্ষা অর্জনের পর আইন পেশায় যুক্ত হয়ে প্রায় ১৮ বছর ধরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে সুনামের সঙ্গে আইনি সেবা দিয়ে আসছেন তিনি। পেশাগত দায়িত্বের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে নিজের নৈতিক দায়িত্ব হিসেবে নিয়েছেন। বিশেষ করে অর্থের অভাবে যারা আদালতে ন্যায়বিচার পাওয়ার সুযোগ হারান, তাদের অনেকের মামলা তিনি বিনা পারিশ্রমিকে কিংবা নামমাত্র খরচে পরিচালনা করেছেন বলে জানা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক অবিচার, ভূমি-সংক্রান্ত বিরোধ, পারিবারিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অসহায় মানুষের পক্ষে আইনি লড়াইয়ে এগিয়ে আসেন অ্যাডভোকেট আকবর আলী। আদালতের কাঠগড়ায় আইনি লড়াইয়ের পাশাপাশি তিনি মানুষের অধিকার সম্পর্কে সচেতন করতেও ভূমিকা রাখছেন। ফলে ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার একজন আইনজীবী।

তাঁর কাছে আইনের পেশা শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়; বরং অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যখন অর্থের অভাবে আইনগত সহায়তা নিতে পারেন না, তখন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।

অ্যাডভোকেট আকবর আলী বলেন, “আইন সবার জন্য সমান। শুধু টাকার অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়—এই চিন্তা থেকেই আমি কাজ করি। একজন অসহায় মানুষ যখন আইনি সহায়তা পেয়ে তার অধিকার ফিরে পান, তখন সেটিই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”

প্রায় দুই দশকের আইন পেশায় সততা, মানবিকতা ও পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার কারণে অ্যাডভোকেট আকবর আলীর পরিচিতি এখন শুধু আইনজীবী হিসেবে নয়, বরং অসহায় মানুষের ‘গরিবের উকিল’ হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে।

প্রকাশিত : রোববার, ০২ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy