

সজীব খান :
চাঁদপুরে সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং ট্রাফিক আইন বাস্তবায়নে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫টি যানবাহন জব্দ করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার বাবুরহাট মতলব রোডের মাথা ও চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গাবতলী এলাকায় তারা অভিযান করেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও ব্যস্ত এলাকায় পরিচালিত এ অভিযানে ট্রাফিক আইন অমান্য, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চলাচল, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় ২৫টি যানবাহন জব্দ করা হয় এবং ৪টি মামলা দায়ের করা হয়।
চাঁদপুর ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর দাস জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কোনো ধরনের অনিয়মের সঙ্গে আপস করা হবে না। যানবাহনের চালক ও মালিকদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ—উভয় কার্যক্রমের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
প্রকাশিত : রোববার, ০২ আগস্ট ২০২৬

















