

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি :
বগুড়ার সান্তাহারে খাদ্য বিভাগের সাইলো সড়কে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল হুমকির মুখে পড়েছে। এতে দেশের দ্বিতীয় বৃহত্তর গম সংরক্ষণাগার সাইলো এবং চাল সংরক্ষণাগার সাইলোর খাদ্য সামগ্রী পরিবহন হুমকির সম্মুখীন হতে পারে বলে আশংঙ্কা করা হচ্ছে । পাশাপাশি স্থানীয় সার বাফার গুদামের সার পরিবহনে ও জটিলতার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জানাযায়,বগুড়ার সান্তাহারে অত্যাধুনিক একটি চাল সংরক্ষণাগার সাইলো এবং একটি গম সংরক্ষণাগার সাইলো রয়েছে। এদুটি সাইলোর মালামাল পরিবহনের জন্য খাদ্য বিভাগের নিজস্ব অর্থায়নে শহরের খাড়ির ব্রীজ থেকে সাইলো পর্যন্ত তিন কিলোমিটার নির্মাণকৃত সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দক ও বড় বড় গর্তের সৃষ্টি হয়। ফলে সড়কটিতে যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটতে থাকে। এ অবস্থায় বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সড়কটি সংস্কার করা নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি খাদ্য অধিদপ্তরের নজরে আসে। পরে সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য প্রায় ১১কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পটির কাজ পেয়েছেন নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এ. ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দেওয়ান মামুনুর রশিদ (জেভি) এবং কাজটি আগামী ৩০ জুন ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ করার কথা। গত ৩ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠান সাইলোর প্রধান ফটকের সামনে থেকে এর কাজ শুরু ও করেন। এরমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজে নানা অনিয়মের অভিযোগে এলাকাবাসী মানবন্ধনসহ প্রতিবাদ জানালে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আসে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সাময়িক বন্ধ রেখেছেন। ফলে সড়কে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল হুমকির মুখে পড়েছে। সেই সাথে পরিবহন সংকটে উল্লেখিত দুটি সাইলোর চাল ও গম পরিবহনে হুমকির মুখে পরতে পারে বলে আশংকা করা হচ্ছে। পাশাপাশি ভরা রোপা আমান মৌসুমী স্থানীয় সার বাফার গুদামের সার সরবরাহ নিয়ে ও জটিলতা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইতিমধ্যে স্থানীয় ট্রাক পরিবহন মালিক সমিতির নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কার করে পরিবহন চলাচলের ব্যবস্থা করা হলে অল্প সময়ের মধ্যে সংস্কার কাজ করা না হলে সড়কটি দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়বে। ফলে সান্তাহার ট্রাক পরিবহন মালিক সমিতিসহ এলাকা বাসি অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
প্রকাশিত : রোববার, ০২ আগস্ট ২০২৬
















