কুড়িগ্রামে ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ সার্কেল এএসপি মুনতাসির মামুন, শ্রেষ্ঠ ওসি আজিম

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সার্বিক কর্মমূল্যায়নে ভূরুঙ্গামারী সার্কেল ও ভূরুঙ্গামারী থানা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন শ্রেষ্ঠ সার্কেল এএসপি, ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ থানা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মাসিক সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি প্রদান করেন।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন বলেন, এ সম্মান শুধু তাঁর একার নয়; এটি ভূরুঙ্গামারী থানার প্রতিটি পুলিশ সদস্যের নিরলস পরিশ্রম, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের ফল। পাশাপাশি জনপ্রতিনিধি এবং থানার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা, আস্থা ও ভালোবাসার কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

তিনি বলেন, “ভূরুঙ্গামারীবাসীর আস্থা ও দোয়া আমাদের কাজের প্রধান অনুপ্রেরণা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

ভূরুঙ্গামারী থানার এই সাফল্যে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, পুলিশের পেশাদারিত্ব, জনবান্ধব কার্যক্রম এবং জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ফলে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা পুলিশের কর্মমূল্যায়নে একই সঙ্গে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি হিসেবে ভূরুঙ্গামারীর এই স্বীকৃতি স্থানীয় পুলিশ প্রশাসনের কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ভবিষ্যতেও জনগণের সহযোগিতা নিয়ে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ ভূরুঙ্গামারী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy