

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
সারা দেশের ন্যায় পঞ্চগড়ে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং যুব সংগঠনের নিবন্ধন সনদ প্রদান করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ঋণের চেক এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। এতে সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে এম আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. আশরাফ সিদ্দীক। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দেশের বিপুলসংখ্যক তরুণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে জাতীয় উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। এ ক্ষেত্রে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সহজ শর্তে যুব ঋণ প্রদানের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তাঁরা আরও বলেন, তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মস্পৃহাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবসমাজকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষপর্বে যুবকদের আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ এগিয়ে নিতে ঋণের চেক এবং যুব সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় উৎসাহ দিতে নিবন্ধন সনদ বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের দক্ষতা অর্জন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।
প্রকাশিত: রোব বার, ০১ নভেম্বর ২০২৬ খ্রি.














