কালিহাতীতে ‘পাচ জোয়াইর সিংনা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র অনিয়ম ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের সিংনা গ্রামের ‘পাচ জোয়াইর সিংনা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’-এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও পরিবারতন্ত্রের মাধ্যমে কমিটি পরিচালনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সমবায় অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামবাসীর পক্ষে আশিক খান।

অভিযোগে বলা হয়েছে, বিগত দিনে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে একটি পরিবার সমিতির পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। নামমাত্র কমিটি গঠন করে সমিতির তহবিল তছরুপ ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটানো হয়েছে। এছাড়া সাধারণ মানুষের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে ও নানা প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এবং জোরপূর্বক জমি দখলের মতো গুরুতর অভিযোগও রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ সদস্যদের বাদ দিয়ে পারিবারিক ও স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি পরিচালনা করায় সমিতির মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।

সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং সাধারণ সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সমবায় কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

প্রকাশিত: শনি বার, ৩১ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy