সাংবাদিকে প্রাণনাশের হুমকি সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :

সিরাজগঞ্জের তাড়াশে মাদকসহ পুলিশের হাতে তুলে দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে জামিনে মুক্ত হয়ে সাংবাদিক ও স্থানীয়দের প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. সোহাগ হোসেন (২৭) তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার দেশীগ্রাম এলাকার বাসিন্দা মো. লুৎফর রহমান (৩৮) স্থানীয়ভাবে মাদক কারবারে জড়িত বলে অভিযোগ রয়েছে। গত ১৫ সেপ্টেম্বর স্থানীয়দের সহযোগিতায় সাংবাদিক সোহাগ হোসেনসহ এলাকাবাসী তাকে মাদকসহ আটক করে তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ এ ঘটনায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠায়।

অভিযোগ অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর জামিনে কারাগার থেকে মুক্তি পান লুৎফর রহমান। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় সাংবাদিক সোহাগ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন তিনি।

সর্বশেষ গত ৩১ অক্টোবর নিজের ‘MD Lutfor Rahman’ নামের ফেসবুক আইডি থেকে সাংবাদিক সোহাগ হোসেন এবং তার বাবা দেশীগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে একটি পোস্ট দেন। ওই পোস্টকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

সাংবাদিক সোহাগ হোসেন বলেন, মাদক কারবারির বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর থেকেই আমি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা হুমকির মুখে রয়েছি। জামিনে মুক্ত হওয়ার পর লুৎফর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। পাশাপাশি আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিরাপত্তা ও প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশিত: রোব বার, ০১ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like