

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ নভেম্বর উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা শ্যামেরডাঙ্গা সীমান্ত এলাকায় নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের একটি দল এই অভিযান চালায়। বিকেলে ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সরদারপাড়া বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার জহুরুল ইসলামের নেতৃত্বে শ্যামেরডাঙ্গা এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে সীমান্ত পিলার ৭৭৫-এর ১২ নম্বর সাব-পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা এসব মদের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি কতৃপক্ষ।
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ খ্রি.














