

নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বোরহান মোল্লা নামের এক ভূমি জাতিয়াত চক্রে হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় (১৯ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বোরহান মোল্লা উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ মোল্লাবাড়ী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় ভুমি অফিসের নাজির কাম-ক্যাশিয়ার নাসির উদ্দিন আহমেদ বাদী হয়ে ভুমি জালিয়াত চক্রের সদস্যদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, গোলাকান্দাইল ইউনিয়নের আমলাব মৌজার সিএস ও এসএ দাগ নং- ৮৭৩ ও আরএস- দাগ নং-১৩০৭ এর ১৪ শতাংশ জমি জমা খারিজের জন্য সাফ কবলা দলিল (দলিল নং-১৭১৯) সুত্রে সহকারী কমিশনার (ভুমি) বরাবর আবেদন করেন একটি প্রতারক চক্র।
পরে সহকারী কমিশনার (ভুমি) দলিলটি যাচাইয়ের জন্য রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি (পুর্ব) কে অবহিত করেন। দলিল যাচাই করতে গিয়ে দেখা যায় (দলিল নং-১৭১৯) দলিলটি রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি (পুর্ব) অফিসে রয়েছে। এ দলিলটির তফসিল সম্পত্তি অন্য মৌজা এবং দাতা-গ্রহীতা, দাগ, খতিয়ান ভিন্ন।
এতে প্রমানিত হয় জাল-জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। এছাড়া দলিলটিতে রূপগঞ্জ সাবরেজিষ্ট্রার (পুর্ব) রেজাউল করিম বক্স এর নাম, সিল ও স্বাক্ষর নকল করে জালিয়াতি করা হয়। এক পর্যায়ে ভুমি জালিয়াত চক্রের মুল হোতা বোরহান মোল্লাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়। পরে চক্রের হোতা বোরহান মোল্লা জাল-জালিয়াতির মাধ্যমে দলিলটি তারা নিজেরা করেছেন বলে স্বীকার করেন।
এছাড়া সফিউল্লাহ, জহিরুল ইসলাম, নাজমুল হক ও শিউলি আক্তার নামের আরো ৫জন জালিয়াত চক্রের সদস্য এ জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছে বলেও স্বীকারোক্তি দেন। ওসি আরো জানান, গ্রেফতারকৃত বোরহান মোল্লাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জালিয়াত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।







