

” সাপ্তাহিক সেরা লেখনী ”
পর্ব :- ০১
বিষয় :- ” প্রিয় সময় ”
তাং:- ১ / ৮ / ২০২৩.
আমি সময়, বয়ে যাই নিজ গতিপথে।অপেক্ষা,দাঁড়ানো, স্থিতি শব্দগুলো কেউ যেন মুছে দিয়েছে আমার শরীর থেকে। তাই আমি পারিনা তোমার জন্য দাঁড়াতে বা অপেক্ষা করতে।আমি পারি না এক মুহুর্ত ব্যয় করতে,শুধু পারি বুঝতে নিজের গুরুত্বটা।তবে অনেকের কাছে আমি গুরুত্বহীন, মূল্যহীন তাই তারা পিছিয়ে পড়ে। বড় কষ্ট হয়, মায়া হয়। ইচ্ছে করে তাদের হাত দুটো ধরে আমার সাথে সাথে নিয়ে যাই, তাও পারি না। কারণ আমি যে পিছনেও ফিরে ফিরতে পারি না।

আমি সময়, আমি জানিনা কোথায় আমার আরম্ভ কোথায়ইবা আমার অন্ত। শুধু পথ চলা লক্ষ্যহীন,গন্তব্যহীন ছুটে যাওয়া। আমিও ক্লান্ত হই, আমারও কষ্ট হয় তবে প্রকাশের শব্দগুলো হারিয়ে ফেলেছি।
আমি সময়, আমি পারি সুখ-দুঃখের পাহাড় ডিঙিয়ে নদী, সাগর, মরুভূমি পার করে নিয়ে যেতে। আমি পারি তোমার গভীর ক্ষতে মলম লাগাতে,শুধু পারি না তোমার সাথে স্থিতি হতে।
আমি সময়, কোন মায়া, কোন বাঁধন আমাকে বাঁধতে পারেনা। আমি আমার গতিপথে ছুটে যাই। অবিরাম, ক্লান্তিহীন, স্থিতিহীন ছুটে যাই।
তুমি চাইলে আমার সাথে পা মেলাতেই পারো তুমি আমার মতো ক্লান্ত হতে পারো, কষ্ট পেতে পারো। তবে থেমে যেও না, হেরে যেও না। একবার স্থিতি হলে সে যে তোমায় আর গতিপথে ফিরতে দেবে না। তবে ভালো লাগে কেউ সঙ্গ দিলে। প্রেরণা ও উৎসাহের হাত দুটো শক্ত করে ধরো, দেখবে ঠিক পারবে আমায় সঙ্গ দিতে। আমি নিজে গন্তব্যহীন হলেও তোমায় সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারি।
আমি যে সময় আমি থেমে থাকি না,
অপেক্ষাও করিনা।







