আবার : আযাহা সুলতান

১.

আমাকে দেখে আর মুখ লুকাতে হবে না তোমার

হুঁচোট আর কত খাবে তাড়াহুড়ো করে মুখ লুকোতে গিয়ে

চলে যাচ্ছি অবজ্ঞার এ শহর ছেড়ে অনেক দূরে

আমাকে মশাল জ্বেলেও খুঁজে কোনো দিন পাবে না আর

তুমি সুখে থেকো—তোমার সুখের জন্যে আমার এ প্রস্থান

সুখ যদিওবা দিতে পারিনি—দুঃখ বিন্দু পরিমাণ রেখে যাচ্ছি না তবে—

তবে? আমার কবরে ভালোবাসার চুমে একটি গোলাপ না-ই দিলে

ঘৃণার আগুনটি নিভায়ো তবে দুফোঁটা চোখের পানি ফেলে

তারপর নাহয় ভুলে যেয়ো চিরতরে আমাকে আবার

তোমাকে দুঃখ দিতে আসব না আর এই পৃথিবীতে

 

২.

আমাকে খুঁজছ? খুঁজে পাবে না আর জগদ্দলে—

আমি হাসতে হাসতে চলে গিয়েছি সেদিন ব্যথাভরা হৃদয়ে

অই নক্ষত্রের দেশে—চিরকুয়াশার আঁধার নগরে

নিশিথে ফুটে যেকুসুম তারই ঘ্রাণে হয়তো—হয়তোবা

খুঁজে পাবে আমার ঘ্রাণ একদিন সত্যিকারের মনে—

ফুটফুটে জোছনার আবছায়াতে দেখা হয়তো পাবে না আর

অই যে দূরে—ভয়াল কালো জলের বিরাট বিলে

হয়তো রক্তকমল হয়ে ফুটছি আমি আবার—আবার

কিবা দ্রোণফুল জড়ায়েছি তোমার লালপাড়-শাড়িতে—

বুঝতে পাবে না তুমি—ভুঁইফোঁড় দলে যাচ্ছ—যাবে বারবার

 

৩.

আমাকে দেখেও হয়তো চিনতে পারবে না আর—

আমি ছায়াহীন বালিকার নিগূঢ়প্রেমে মজে

দিনরাত খেলছি লুকোচুরি বেদনার বাগানে

সেখানে—দূরে—বহুদূরে—হয়তো আরও দূরে

চিরকুমারীদের দলে ছুটছি সমান্তরালের ময়দানে

এ জীবনের না পাওয়ার বেদনা হয়তো সেদিনও রবে—

থাক-না তবে—আবার আমি তোমার কথা মনে করে

কুসুম হয়ে ফুটতে পারি মোহনলালের কার্নিশে

তোমার চলার পথে কাঁটা হব না তবে—

হয়তো ভালোবাসার রক্ষক হয়ে জড়াব আঁচলে

 

৪.

আমাকে অনুভব করতে পারো—পারবে না হয়তো—

আমি তোমার হাসির ঝলকে মুক্তা ঝরে

সুখের সান্ত্বনায় সমুদ্রতল গভীরতলে ডুবে যাচ্ছি—যাব

কিবা আবার ভেসে ওঠছি—ওঠব তোমার নাম ধরে

সৃষ্টির সমস্ত রঙে মিশে গিয়ে আবার আমি

রাঙাতে আসছি—আসব বিষাদের রংহীন সংসার

আমার কথা নাইবা মনে রাখলে তুমি

আমি তোমার কথা মনে করে আসছি­—আসব আবার—

ভুলে যাব সেদিন বিরহজ্বালার অইসব নীলদংশন

দেখব বিস্ময়ে নিশ্চয়তার অভূতপূর্ব আদর

 

৫.

আমাকে দেখতে পাবে—হয়তো অন্যরূপে—

তোমার শুভ্রজীবন রাঙানো হবে যখন

কানিজের সৎপুত্র মালিজের সাথে

অথবা সোয়াতির আগপুত্র সুখেন্দ্রের সঙ্গে

প্রার্থনারত ভ্রমর-এক গুঞ্জরিছে দেখো—দেখবে পুষ্পনিকুঞ্জে—

যাত্রা শুভ হোক—ভেনিস শহরের কিবা যবদ্বীপ জাফলঙের

অথবা হিমালয় থেকে হিমচাঁদের প্রাসাদের

মধুঝরা থেকে মধুচন্দ্রিমার অই প্রমোদনগরে

তোমার স্বর্গসুখের আনন্দঘনমুহূর্তের একান্ত কুঠরিতে

ভূত হয়ে দাঁড়াব না—দাঁড়াবে না আমার ছায়া কখনো ভয়ঙ্করে

 

৬.

আমাকে হয়তো দেখতে পাবে তুমি আবার—

পাবে না—বৈরৎ বেইজিং বার্লিন রোম

সিডনি প্যারিস লন্ডন টোকিও নিউয়র্ক

এই বেতবনে—বাঁশঝাড়ে—হিজলতলায়

‘ডাক’ ‘ডাক’ ডাকছে দেখবে ডাহুক-এক প্রিয়তমায়

কিবা খঞ্জন-এক পুচ্ছ নাচাচ্ছে মহেন্দ্র দেবের ডেউয়াগাছটিতে

হয়তো জলপিপি-এক ওড়ছে দেখবে তোমার মাথার ওপরে

কিবা ঘুঘু-শালিক-দোয়েল-এক খুঁটছে দানা জগেন্দ্র উঠোনে

‘দূর’ ‘দূর’ করে দূরে তাড়াচ্ছ তুমি তারে বারেবারে—

বারবার আমি আসছি ধেয়ে—আসছি তোমার মূঢ়দৃষ্টে আবার

You might like