

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলার ৫টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে। জেলার ৫টি আসনের মধ্যে ২টি আসনে নৌকা প্রতীকের প্রার্থী পরিবর্তন করা হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে সারাদেশের নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চাঁদপুর জেলার ৫টি আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন
চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম। তিনি এর আগে ১৯৯৬ ও ২০১৪ সালে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি দুইবার নির্বাচিত হয়ে প্রথমবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং দ্বিতীয়বার ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান এমপি ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি ২০০৮ সাল থেকে পরপর তিনবার এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি ১৯৯৬, ২০০৮,২০১৪ ও ২০১৮ সালে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে চাঁদপুর-১( কচুয়া) ও চাঁদপুর-২( মতলব উত্তর ও দক্ষিণ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী পরিবর্তন করা হয়েছে, আর বাকি তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী অপরিবর্তিত রয়েছে।
চাঁদপুরের ৫টি আসনে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৫৮জন। সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাশী ছিলেন চাঁদপুর-৪ আসনে। সেখানে ১৮জন নৌকা চেয়েছিলেন। আর সবচেয়ে কম ছিল চাঁদপুর-৩ আসনে ৭জন। এছাড়া চাঁদপুর-১ আসনে ৮জন, চাঁদপুর-২ আসনে ১২জন, চাঁদপুর-৫ আসনে ১৩জন নৌকা চেয়ে ফরম জমা দেন।
এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার ঘোষণায় তাৎক্ষনিক চাঁদপুরের ৫টি আসনের আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করে।







