চাঁদপুরে রেলের জমি ভরাট করে মার্কেট নির্মাণের পাঁয়তারা!

সজীব খান, চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী তালতলা বাজারে রেলওয়ের জমি মাটি দিয়ে ভরাট করে নতুন করে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে।

একই সঙ্গে রেলওয়ের সম্পত্তিতে একাধিক দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহিউদ্দীন খান তপন ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় রেলওয়ের সম্পত্তির সীমানা, লিজের শর্ত এবং জমির বাণিজ্যিক ব্যবহার নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

অভিযুক্ত মহিউদ্দীন খান তপন মৈশাদী তালতলা বাজারসংলগ্ন খান বাড়ির মৃত সহিদুল ইসলাম খানের ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগকারীর দাবি, রেলওয়ের সম্পত্তিতে দোকান নির্মাণ ও ভাড়া দেওয়ার মাধ্যমে জমিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন করে মাটি ভরাট করে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাঁদের অভিযোগ।

অভিযোগের বিষয়ে মহিউদ্দীন খান তপন বলেন, “এগুলো আমাদের বাপ-দাদার সম্পত্তি। পরে আমরা রেলওয়ে থেকে কৃষি লিজ নিয়েছি। এখন মার্কেট করব, যা ইচ্ছা তাই করব।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মারুফ হোসেন জানান, বিষয়টি রেলওয়ের স্টেট বিভাগের নিয়ন্ত্রণাধীন। সংশ্লিষ্ট কর্মকর্তারাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

অন্যদিকে, রেলওয়ে লাকসাম জংশনের কানুনগো মনোয়ার হোসেন বলেন, রেলওয়ের কোনো সম্পত্তির শ্রেণি পরিবর্তনের সুযোগ নেই। যদি তিনি লিজ নিয়ে থাকেন, তাহলে লিজের শর্ত ও জমির ব্যবহার যাচাই করা হবে। অনিয়ম পাওয়া গেলে লিজ বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমরা দ্রুত পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সচেতন মহলের দাবি, রেলওয়ের সম্পত্তিতে মাটি ভরাট, দোকান নির্মাণ ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে জমির প্রকৃত মালিকানা, লিজের শর্ত এবং স্থাপনা নির্মাণের বৈধতা নিশ্চিত করতে হবে। সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা তাঁদের।

প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy