
ইমরান হোসেন সজীব, রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে ফাতেমা আক্তার (২০) নামে এক তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার সন্ধায় কেরোয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লুধুয়া ভুঁইয়া বাড়ী থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

সোমবার সকালে মহদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় রাতে মেয়েটির চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মৃত্যুটি রহস্যজনক বলে মনে করেন এলাকাবাসী। ফাতেমা ৪ বোন ও ১ ভাই’র মধ্যে সবার ছোট।
পুলিশ জানায়, ফাতেমার বাবা ও দাদি কয়েকদিন আগে মারা গেছেন। তার মা তাদের অসুস্থ্য-ছোট ভাইকে নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
একদিকে পিতা ও দাদির শোক অন্যদিকে অসহায় গরিব পরিবারের নিত্যদিনের অভাব অনটন লেগেই আছে। এমতাবস্থায় ফাতেমা হতাশায় ভূগছিলেন। রোববার সন্ধায় এলাকাবাসী থেকে সংবাদ পেয়ে ফাতেমাকে তার ঘরের কক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এদিকে নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন নারী জানান, মেয়েটির মৃত্যুটি রহস্যজনক।
রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। মেয়েটির চাচা অপমৃত্যুর মামলা করেছেন। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।











