গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে দ্য ডেইলি সানের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. জাহাঙ্গীর আলম :

আনন্দ-উচ্ছ্বাস, সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে গাইবান্ধায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় গাইবান্ধা জেলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য ডেইলি সানের গাইবান্ধা জেলা প্রতিনিধি ও গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাহুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মো. নুরুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন বাংলা টিভির গাইবান্ধা প্রতিনিধি মো. রিফাতুন্নবী রিফাত, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জেএস সেলিম, ভোরের আওয়াজের গাইবান্ধা প্রতিনিধি মো. মির্জা গোলাম হাফিজ, জেলা প্রেসক্লাবের আইনবিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, তপন চন্দ্র দাস, ময়নুল ইসলাম, কামরুজ্জামান চঞ্চল ও হিরন চন্দ্র বর্মনসহ স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দ্য ডেইলি সান বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি গণতন্ত্র, উন্নয়ন ও সমাজের ইতিবাচক পরিবর্তনে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও পত্রিকাটির এই দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা আনন্দঘন পরিবেশে কেক কেটে দ্য ডেইলি সানের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করা হয়।

প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like