

নিজস্ব প্রতিবেদক :
গত সাড়ে ৭ বছরে সারাদেশে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চাঁদপুরের সুপরিচিত প্রতিষ্ঠিত সংগঠন চর্যাপদ সাহিত্য একাডেমি। পুরো অক্টোবর মাস ছিলো চর্যাপদ সাহিত্য একাডেমির ৬ষ্ঠ বই উপহার মাস। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ শ্লোগানে গত ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বই উপহার মাস ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এরপর মাসজুড়ে চলে উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, এমনকি যানবাহনেও উপহার প্রদান করা হয় বই। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে তুলে দেওয়া হয় শিল্প-সাহিত্যের বই। টানা ১ মাস কর্মসূচি পালন শেষে শুক্রবার ৩০ অক্টোবর সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবে এ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি টানা হয়।

প্রথমে শোভাযাত্রা, এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রথমে শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠানের নিদের্শনা অনুযায়ী অধিক দিবস কর্মসূচি পালন, প্রচার-প্রচারণা ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার প্রদান করে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৬’ মর্যাদা প্রাপ্ত ৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত হলেন সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।
বই উপহার মাসের আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায়, একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, বই জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। চর্যাপদ একাডেমি ব্যতিত দেশের আর কোনো প্রতিষ্ঠান মাসব্যাপী বই উপহার কর্মসূচি পালন করে কিনা আমার জানা নাই। মানুষকে বইমুখী করতে এমন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবসময় সামাজিক ও মানবিক কাজের সঙ্গে আমরা আছি। যে কোনো ভালো কাজের জন্যে আমাকে নক করবেন, কাছে পাবেন। তিনি আরও বলেন, আমার জানামতে প্রতিষ্ঠার পর থেকে ১৪ হাজারেরও অধিক বই উপহার দিয়েছে এই একাডেমি।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, ডেফোডিলের ইন্টারন্যাশনাল ইউভাসিটির জনসংযোগ কর্মকর্তা চাঁদপুরের কৃতিসন্তান আনোয়ার হাবিব কাজল, রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, বিজয়ী-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা মাহমুদা খানম, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, ড্যাফোডিলের শিক্ষক আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, একাডেমির পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, পরিচালক ফেরারী প্রিন্স, সাংবাদিক ও নাট্যজন আলমগীর পাটওয়ারী, সাংবাদিক ও সমাজসেবক আশিক খান, একাডেমির সচিব রিমি মজুমদার ও সাহিত্যানুরাগী নাহিদা আফরোজ। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আবু বকর সিদ্দিক, শ্রাবন্তী দাস ও দিপান্বিতা দাস। বাঁশি বাজান বেলাল শেখ।
বই উপহার মাসের আহ্বায়ক ও চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, পুরো মাসব্যাপী চলে বই উপহার কর্মসূচি। এ মাসে এক হাজার বই উপহার দেওয়ার টার্গেট ছিলো। আমাদের সারথিদের অনেকের অসুস্থতা, ধর্মীয় উৎসব ও সময়ের নানাবিধ জটিলতার কারণে ১০০% টার্গেট পূরণ না হলেও প্রায় ৮০%-এর কাছাকাছি টার্গেট পূরণ করতে সক্ষম হয়েছি আমরা। সব মিলিয়ে গত সাড়ে ৭ বছরে ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি।
সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, মানুষকে বইমুখী করার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরির আন্দোলন হিসেবে প্রতি বছর কর্মসূচিটি পালন করা হয়। আমাদের তৃষ্ণা মোটেও মেটেনি। ইচ্ছে ছিলো আরও আরও বই মানুষের হাতে বিনামূল্যে তুলে দেওয়ার। কিন্তু আমাদের সাধ্য যে সীমিত। তবে হাল ছাড়িনি, স্বপ্ন দেখি, হয়তো একদিন পূরণ হবে।
২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ একাডেমি। ২০২১ সাল থেকে টানা ৬ষ্ঠ বারের মতো বই উপহার মাস পালন করছে। এর মধ্যে একটি ‘বই উপহার মেলা’ও করেছে এ প্রতিষ্ঠান। এ পর্যন্ত ১৪ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি। ‘বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর’, ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুুষ হই’ এ দুটি প্রতিপাদ্য সামনে রেখে এবারের কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে দেশীয় পিঠা দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। এবারের আয়োজন পার্টনার ছিলো ফোকাস মোহনা.কম ও প্যাপিরাস পাঠাগার।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ খ্রি.













