

সাইদুজ্জামান ভুইয়া, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার নির্দেশনা দেন তিনি।

আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি ও সেবার মান তদারকি করেন মন্ত্রী। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং দুজনকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৫১ জন চিকিৎসকের মধ্যে পরিদর্শনে ১২ জনকে অনুপস্থিত পাওয়া যায়। এর মধ্যে ৭ জন সংযুক্তিতে এবং ৫ জন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। পরিদর্শনকালে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে এ প্রকল্পের টেন্ডার সম্পন্ন হবে। এছাড়া আগামী ১ নভেম্বর নতুন যোগদান করতে যাওয়া ৪৮ জন চিকিৎসকের মধ্য থেকে এ হাসপাতালে চিকিৎসক দেওয়া হবে।
হাসপাতালের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং বিকল যানবাহনগুলো কন্ডেমনেশন প্রক্রিয়ায় নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আগামী অর্থবছরের মধ্যে নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ খ্রি.














