

ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে অঞ্জলী দাস (৬০) নামে এক গৃহবধুকে বসত ঘরে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর দুর্বৃত্তরা ঘরের বাইরে তালা ঝুলিয়ে দেয়। এই ঘটনায় সন্দেহজনক আজাদ নামে’র এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এসময় থানা পুলিশের পাশপাশি পিবিআই ও সিআইডির একটি দল উপস্থিত ছিল। উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের ধোপা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের ভাই অমর কৃষ্ণদাস বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় বুধবার মামলা দায়ের করেছে।

স্থানীয় লোকজন জানায়, খাজুরিয়া গ্রামের ধোপা বাড়ির প্রয়াত ইন্দ্রজিৎ দাসের বিধবা স্ত্রী অঞ্জলী রানী দাসের ছোট বোন পূর্ণিমা ও বোনের জামাতা খোকন লক্ষীপুর থেকে নিহতের বাড়িতে বেড়াতে এসে ঘরের দরজায় তালা মারা দেখতে পান।
কোথায় গেছে এই বিষয়ে আশপাশের লোকজনের কাছে জানতে পারেন গত সোমবার দুপুরের পর থেকে ঘরের দরজা বন্ধ তারা দেখতে পায়। পরে ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরের ভিতরে মেঝে অঞ্জলীর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান।
ধারনা করা হচ্ছে সোমবার দুপুরের পর থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে এঘটনাটি ঘটায় দুর্বত্তরা। নিহতের ভাই অমর কৃষ্ণদাস জানান, প্রায় এক বছর পুর্বে তার বোন অঞ্জলীর স্বামী ইন্দ্রজিৎ মারা যায়। এক মাত্র ছেলে আশীষ দাস মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত প্রবাসী।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, গলাকেটে হত্যার ঘটনা শুনে তারা ঘটনাস্থলে গিয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।











