

সাইদ হোসেন অপু চৌধুরী :
বিশাল আহমেদ ফরহাদ এর পরিচালনায় সম্প্রতি চিত্র ধারন হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘জাত কুলো মান’। ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী নোলক বাবু ও মিতা মল্লিকের চমৎকার ফোক গানটিতে মডেল হয়েছেন সোহেল খান ও পাপড়ি পুতুল।

গানটি লিখেছেন এ সময়ের গীতিকবি নিহার আহমেদ। সঙ্গীত পরিচালনায় ছিলেন আলামিন খান। হিন্দু মুসলিমের প্রেমের গল্প নিয়ে নির্মাণ হয়েছে মিউজিক্যাল ফিল্মটি। যেখানে দেখানো হয়েছে প্রেম ভালোবাসা কখনো জাত কুলো মান বুঝে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে ভালোবাসা হয়।

এটি প্রযোজনা করেছে তরুণ বাংলা টিভি। আসন্ন ঈদকে সামনে রেখে মিউজিক্যাল ফিল্মটি ইউটিউবে রিলিজ হবে এমনটাই জানিয়েছে নবাগত চিত্রনায়ক সোহেল খান।
এ প্রসঙ্গে পরিচালক বিশাল আহমেদ ফরহাদ বলেন, আমি আসলে নিজের জন্য কাজ করি না, কাজ করি দর্শকের জন্য। যেদিন থেকে মিডিয়াতে কাজ করতে এসেছি সেদিন থেকেই আমার ইচ্ছা আমি সব সময় দর্শকদের ভালো কিছু উপহার দেবো। আমি বিশ্বাস করি আমার এবারের কাজ ‘জাত কুলো মান’ দর্শকের মনে নাড়া দিবে।
উল্লেখ্য:সামাজিকতা ও মানবিকতার মধ্য দিয়েই এগিয়ে চলেছে এই সমাজ ও দেশ। তবে যে কোন পেশায় থেকে সেই ব্যক্তি সমাজ তথা দেশকে এগিয়ে নিতে পারেন, যদি কিনা তাঁর হৃদয়ে দেশ প্রেমকে লালন করতে পারেন। আর এমনই ব্যক্তিত্ব পরিচালক বিশাল আহমেদ ফরহাদ। যিনি সমাজ বিনির্মাণে আলোকবর্তিকার মত কাজ করে যাচ্ছেন নিরবে নিঃভৃতে।
তিনি দীর্ঘ দুই যুগ মিডিয়ার সাথে সম্পৃক্ত। তার পরিচালনায় পরীর গল্প ও বিক্রম ভাই এই দুইটি সিনেমার কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে তিনি অর্ধশতাধিক নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও, মিউজিক্যাল ফিল্ম, টেলিফিল্ম এর কাজ সম্পন্ন করেছেন।
শরীয়তপুরের ছেলে মিডিয়াকে ভালোবেসে হৃদয়ে লালন করে একজন পরিচালক হয়ে দেশ ও দশের জন্য কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে।
বিশাল আহমেদ ফরহাদ ভবিষ্যত পথচলায় সবার কাছে দোয়া কামনা করছেন।











