

সাইদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র করেসপন্ডেন্ট :
চাঁদপুরে মৌসুমের শুরুতে ইলিশের সরবরাহ কম থাকলেও মাঝামাঝি সময়ে এসে বেড়েছে। এতে জমে উঠেছে জেলার সবগুলো মাছঘাট। ক্রেতা-ব্যবসায়ী ও শ্রমিকদের হাঁকডাকে সরগরম হয়ে আছে পুরো ত্রিমোহনা-বড়স্টেশনসহ জেলার বিভিন্ন বাজার। দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতারাও সন্তুষ্ট।
সরেজমিনে দেখা গেছে, দেশের দক্ষিণাঞ্চলের নদী ও সাগরের মোহনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। নৌকা ভর্তি ইলিশ নিয়ে ত্রিমোহনা ও বড়স্টেশনে আসছে জেলেরা। সেখান থেকে ট্রাকে করে পাঠানো হচ্ছে চাঁদপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে। এদিকে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে বড়স্টেশনের শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে।

ইলিশ ব্যবসায়ী বারী জমাদ্দার জানান, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, আলেকজান্ডার, সন্দীপ, হাতিয়াসহ বিভিন্ন স্থান থেকে প্রচুর ইলিশ আসছে। বর্তমানে বড়স্টেশনে প্রতিদিন ৩-৪ হাজার মন ইলিশ আসছে। বিক্রিও হচ্ছে তুলনামূলক অনেক কম দামে। বর্তমানে ৫শ’-৬শ’ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ৫০০ টাকা, ৭শ-৯শ’ গ্রামের ইলিশ কেজিপ্রতি ৬০০-৬৫০ টাকা, এক কেজির ইলিশ ৭৫০-৮০০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। সাগরের ইলিশের তুলনায় নদীর ইলিশের দাম ৫০-১০০ টাকা বেশি।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
১৪ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ৩০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ মুহররম ১৪৪২ হিজরি, সোমবার











