১০ অক্টোবর চাঁদপুর পৌরসভা নির্বাচন : প্রতিশ্রুতি নিয়ে মাঠে প্রার্থীরা

সাইদ হোসেন অপু চৌধুরী :
চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ অক্টোবর। নির্বাচনের আর মাত্র বাকি ২ দিন। এবারের নির্বাচনে মেয়র, ১৫টি ওয়ার্ডের ১৫ জন সাধারণ কাউন্সিলর ও ৫ জন মহিলা কাউন্সিলরসহ মোট ২১টি পদে ৬৭ প্রার্থী এখন চূড়ান্ত ভোটযুদ্ধে।

এসব প্রার্থী কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভাটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন তিনজন।

১৫টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ৫০ জন আর মহিলা কাউন্সিলরের পাঁচটি পদের বিপরীতে প্রার্থী ১৪ জন। সব প্রার্থী এখন মাঠ চষে বেড়াচ্ছেন। প্রচারও এখন তুঙ্গে। সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু পৌর নির্বাচন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজন হলেন- আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল (নৌকা), বিএনপি মনোনীত আক্তার হোসেন মাঝি (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মামুনুর রশিদ বেলাল (হাতপাখা)। এ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনাটা বেশি। এ দলের মেয়রসহ সকল কাউন্সিলর প্রার্থী নির্ভয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

পাশাপাশি শহরের সর্বত্র ব্যানার পোস্টারেও এগিয়ে রয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। অপরদিকে বিএনপি প্রার্থীর পক্ষে অনেকটা নীরবেই চালাচ্ছেন প্রচার। তবে পৌর এলাকার বিএনপি সমর্থিত একাধিক নেতা ও ভোটারের সঙ্গে আলাপকালে অনেকেই তাদের উদ্বেগের কথা প্রকাশ করে বলেন, এ নির্বাচনেও আমরা ভোট দিতে পারব বলে মনে হয় না। কারণ আমাদের ভোটকেন্দ্রে ঘেঁষতেও দেবে না তারা। তাই এবারের নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ নেই আমাদের।

বিএনপি প্রার্থী আক্তার হোসেন মাঝি ভোর থেকে গভীর রাত পর্যন্ত পৌর এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। তবে নিরপেক্ষ ভোটগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, প্রশাসনের সদিচ্ছা থাকলে অবশ্যই সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। কিন্তু তারা কতটা নিরপেক্ষ থাকতে পারবেন সেটাই এখন দেখার বিষয়।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের ক্লিন ইমেজের মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল বলেন, একটি পক্ষ সব সময়ই আমাদের বিরুদ্ধে অপ্রচারে লিপ্ত থাকে। যাক ওটা ওদের অভ্যাস। তবে আমি পৌরবাসীর রায় মেনে নেওয়ার মনোবৃত্তি নিয়েই মাঠে নেমেছি। সেক্ষেত্রে আমি বিজয়ী হলে পৌর এলাকার সব সমস্যা সবাইকে নিয়ে সমাধান করব ইনশাল্লাহ।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেন আমাদের সময়কে বলেন, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আশা করছি আমরা পৌরবাসীকে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পারব।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৮ অক্টোবর ২০২০ খ্রি. ২৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২০ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like