চাঁদপুর পৌর নির্বাচনে সহিংসতায় যুবকের মৃত্যু, বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচন বর্জন

স্টাফ রিপোর্টার  :

চাঁদপুর পৌরসভা নির্বাচন চলাকালে শনিবার (১০ অক্টোবর) দুপুরে শহরের ৮নং ওয়ার্ডের গনি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইয়াছিন (১৮)।

দুপুর সোয়া ১২ টায় ইয়াসিনকে প্রতিপক্ষরা শরীরের বিভিন্ন অংশে ও গলায় কুপিয়ে জখম করে। গুরুতর আহতবস্থায় তাকে চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা রেফার করা হয়। ঢাকা নেয়ার পথে পথিমধ্যে শহরতলীর বাবুরহাট এলাকায় অ্যাম্বুলেন্সে সে মারা যায়।

এ সময় প্রতিপক্ষের হামলার শিকার হয়ে আরো প্রায় ১২জন আহত হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

এদিকে ব্যাপক অনিয়ম, হামলা, মারধর এবং জোরপূর্বক কেন্দ্র দখলের অভিযোগ এনে চাঁদপুর পৌরসভা নির্বাচন বয়কট করেছেন বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি।

সকাল ১১টায় তিনি নির্বাচন বর্জন করেন। তবে বেলা ৩টায় তিনি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বয়কটের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।

ধানের শীষের প্রার্থী, চাঁদপুর শহর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি জানান, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়। সরকার দলীয় কর্মীরা ভোট কেন্দ্র দখলে নিয়ে জোরপূর্বক ইভিএমের বাটন চেপে ভোট আদায় করেন। এছাড়া বেশ কয়টি ভোট কেন্দ্রে বিএনপি নেতা কর্মীদের মারধর ও কুপিয়ে জখম করে। গুরুতর কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখা যায় নি। এমতাবস্থায় বিএনপি নেতাকর্মী এবং পৌরবাসীর জানমাল রক্ষায় আমি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

১০ অক্টোবর ২০২০ খ্রি. ২৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২২ সফর ১৪৪২ হিজরি, শনিবার

You might like