বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চে অতিরিক্ত যাত্রী, মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি

মাজহারুল ইসলাম (রুবেল), মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া রুটে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের পরও কিছু লঞ্চে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হচ্ছে। বেশির ভাগ যাত্রীর মুখে ছিল না মাস্ক। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

সরেজিমনে বাংলাবাজার ঘাটে গিয়ে দেখা গেছে, প্রতিটি লঞ্চেই রয়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। একইসঙ্গে রাজধানী ঢাকামুখী যাত্রীদের চাপ দেখা গেছে প্রতিটি লঞ্চে। সামাজিক দূরত্ব না মেনে যাত্রীরা লঞ্চের ডেকে গাদাগাদি করে আসছেন। লঞ্চ ঘাটে ভেড়ার সময় যাত্রীরা একসঙ্গে নামতে হুমড়ি খেয়ে পড়েন। এ সময় বেশির ভাগ মানুষের মুখেই মাস্ক দেখা যায়নি। অনেকের মাস্ক আবার থুতনিতে।

বাগেরহাটগামী যাত্রী মো. কাউসার বলেন, ঘাটে যাত্রীদের অনেক ভিড়। লঞ্চ থেকে নেমে টার্মিনালে এসে বাসের টিকিট পেতে সারিতে দাঁড়িয়েছি। অনেকে মাস্ক পরলেও বেশির ভাগ যাত্রী ভিড়ের কারণে মাস্ক পরছেন না।

লঞ্চ থেকে নামার পর অন্য যাত্রীদের সঙ্গে ভিড়ের মধ্যে মাস্ক ছাড়াই হেঁটে যাচ্ছিলেন ঢাকা থেকে আসা বৃদ্ধ আবদুল মান্নান। মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে বলেন, ‘বুড়া মানুষ তো, মাস্ক পরার কথা মনে থাকে না।’ কথা বলতে বলতে তিনি পকেট থেকে মাস্ক বের করে পরেন।

এমভি পদ্মাবিলাশ লঞ্চের একাধিক কর্মচারী জানান, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত ভিড় থাকে। পরে যাত্রীদের চাপ কমে আসে।

বাংলাবাজার স্পিডবোটের একাধিক চালক বলেন, স্পিডবোটে যাত্রীদের নিয়ম মেনেই পার করা হচ্ছে। বোটে ওঠার আগে মাস্ক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। বোটে ধারণ ক্ষমতার কম যাত্রী স্বাস্থ্যবিধি মেনেই পার করা হয়ে থাকে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, লঞ্চগুলোতে ধারণ ক্ষমতা মেনে যাত্রী পার করা হচ্ছে। লঞ্চের চালকসহ সকল স্টাফদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। যাত্রীদেরও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে মাস্ক পরার জন্য মাইকিং করা হচ্ছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। হাট-বাজার ও ঘাটে ভিড় এড়িয়ে চলাচল করতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ঘাটে যাত্রীদের মাস্ক পরা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও পরিচালনা করা হচ্ছে।

You might like