

সাভারে জাহিদ হোসেন (৫৫) নামের এক বিকাশ এজেন্টকে পিটিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার পাকিজা ছোট বলি মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ব্যবসায়ী তার প্রতিষ্ঠানে বসা ছিলেন। হঠাৎ মুখে মাস্ক পরা ৫-৬ জনের একটি দল দোকানে প্রবেশ করেন। এসময় জাহিদ বাধা দিলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে ক্যাশ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সবুজ, মহিফুল ওরফে রাসেল ও শহীদুল ওরফে শহীদসহ ৫-৬ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেন ওই ভুক্তভোগী।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল হোসেন বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। দায়ীদের দ্রুত গ্রেফতার করা হবে।










