অনিকেত প্রান্তর ২ : যুবক অনার্য

আমি গান শুনি আজকাল খুব গান শুনি
তবে বলে রাখা ভালো আমি এই প্রজন্মের কেউ নই
আমি উঠে এসেছি নব্বইয়ের গণআন্দোলনের
মধ্য দিয়ে
বেড়ে উঠেছি নুর হোসেনের চেতনা বুকে নিয়ে
আপনারা বুঝতেই পারছেন – আমি ঠিক
আপনাদের প্রজন্মের কেউ নই,
আপনাদের ভাষায় সম্ভবত সেকেলে-
বোল্লেও আমার তাতে আপত্তি নেই
বোলছিলাম আজকাল গান শুনি
এই যে বোল্লাম গান শুনি- এই শোনা নিয়ে দু’চার কথা বিনীতভাবে বলতে চাই:
আমরা কেনো গান শুনবো
কোন গান শুনবো
কার গান শুনবো
বিশেষ কোনো গান শুনবার সংগে বিশেষ কোনো মূল্যবোধ ও চেতনার সম্পর্ক আছে কি-
এভাবে ইত্যাদি প্রশ্ন জেগে উঠেছে গান শুনে শুনে
একটু খুলে মেলেও বলা যায় যে-
এরকম কোনো যোগসুত্র আছে কি যে,ভুপেন বাবুর গান শুনলে একজন হয়ে উঠবেন মানবতাবাদী
রবি বাবুর গান শুনে হয়ে উঠবেন সংস্কৃতি মানব
পল রবসন শুনে দ্রোহী বা হয়ে উঠবেন আত্মহননকারী
আর এ প্রজন্মের গান শুনে কিছু একটা হয়তো
হয়ে উঠবেন কিন্তু সেই কিছুটা তেমন কিছু নয়!-
বলতে চাইছি- এরকম কোনো ব্যপার স্যাপার আছে কি?
আমার গুরু শৈলেশ্বর ঘোষ বলেন: কবিতা
মানুষের চেতনাকে মহৎ করে তোলে।
গান বা কোনো কোনো গানও কি তাই?
যদি তাই হয় তবে সেই গান কি রকম?
সেই গান কি এরকম যে,গান শুনে প্রশাসন প্রতিষ্ঠান কিংবা এস্টাবলিশমেন্ট তথাকথিত সুধিসমাজ
লাঠি নিয়ে তেড়ে আসবেন-
গাড় ধাক্কা পিটাই জেলজরিমানা হুলিয়া ইত্যাদি!
আমাদের বাংলা ভাষায় এরকম গান এরকম
ঘটনার কথা আমাদের জানা আছে কি কিংবা
ঘটে গেছে সম্প্রতি বা নিকট
কিংবা সুদূর অতীত কোনো কালে?

আমি কারো বিরুদ্ধে বোলতে আসি নি
আমি গানের কথা বলতে চেয়েছিলাম
আমি আমার কথা বলতে চেয়েছিলাম
বোলতে চেয়েছিলাম:আমাদের গান যেনো
চেতনার কথা বলে
আমাদের গান যেনো চেতনার সুরে বাজে
আমাদের গানে আমরা যেনো বলতে পারি
নিজেরই বিরুদ্ধে নিজে
যেভাবে শরীরে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে
নিজেকে পুড়িয়ে দেয় একজন বিপ্লবী শুধু মানুষকে
ভালোবাসে বোলে!

You might like