
যুবক অনার্য :
র্যাংকিন স্ট্রিটে দেখা।জানতে চাইলাম: ‘কেমন আছো?’
আমি বস্তুর জানতে চাইনি কিছুই।
জানতে চাইবো না – ওভাবে কেনো
চলে গিয়েছিলে।
‘মেয়েদের প্রস্থান ভঙিমা বড্ড শিল্পহীন’-
এ কথা আমার নয়, সেই যে সুরমাদিঘির পাড়ে আমাদের শামীম আহমেদ
“আজও প্রশ্নবিদ্ধ” লিখেছিলেন- এ কথা তার।
১৭ বছর আগে তুমি ‘যাই’ না বলেই
চলে গিয়েছিলে যেনো চলচ্চিত্রের
শেষ দৃশ্যের মতো পর্দা ক্লোজ হলো প্রেক্ষাগৃহের।
তুমি ভুলে গেলে মাটিবর্তী কাদামাখা দিন, নিষ্কাম স্পর্শের অনুরেখা।
‘মিস করা’ শব্দটি তোমার
সংবিধানে নেই – তুমিই তো বলেছিলে একদা- কৃষ্ণচূড়া গাছটি যেখানে নেই
লাল ক্ষত নিয়ে বুকে।
আসলে প্রকৃত ভালো তুমি কাউকেই
বাসতে পারো নি;এমনকি
অবিনাশ-কেও না।-
এসব না জেনেই থই থই সুখভ্রমে
অবিনাশরা কাটিয়ে দেয় একটা জীবন।

নিষিদ্ধ পান্ডুলিপির মতো
প্রস্থানদৃশ্যে তোমার- লেখা ছিলো:
কিছু শূন্যতা কখনও জোছনা ছুঁবে না
কিছু জোছনা কখনোই ক্রুশবিদ্ধ নয়।










