

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরায় এএসপি দোহার সার্কেলের আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে নবাবগঞ্জ থানার বান্দুরা বাজারে ৭ নং বান্দুরা ইউনিয়ন বিট পুলিশ ও নবাবগঞ্জ থানার আয়োজনে এক আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দোহার সার্কেল এএসপি তাৎক্ষণিকভাবে সমাধান করেন এবং অন্যান্য সমস্যাসমূহ সকলের সহায়তায় সমাধান করার আশ্বাস প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার সার্কেল এএসপি মো. আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে দোহার সার্কেল এএসপি মো. আশরাফুল আলম বলেন, জনগণের জানমাল ও আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের অন্যতম দায়িত্ব। কিন্তু অল্পসংখ্যক পুলিশ সদস্য দিয়ে বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা খুবই চ্যালেঞ্জিং একটি কাজ। এজন্য তিনি সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন –
১. বান্দুরায় রোজা ও ঈদ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতের জন্য এবং ট্রাফিক সমস্যা সমাধানে পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এজন্য বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদকেও এগিয়ে আসতে হবে। এ ছাড়া ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে সকল যানবাহন চালক ও যাত্রীদের আইনের আওতায় আনতে হবে।
২. কেনাকাটা ও যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেয়া কোন খাবার খাওয়া যাবে। কোন সন্দেহজনক ব্যক্তি বা আচরণ পরিলক্ষিত হলে সাথে সাথে পুলিশকে অবগত করতে হবে। যে কোন বড় ধরনের অর্থ বা মূল্যবান সম্পদ পরিবহনের পূর্বে পুলিশের সহায়তা নিতে হবে।
৩. সকল ধরনের প্রতারকচক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টির বিষয়ে সাবধান থাকতে হবে। এদের দমনে সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশের টিম মোতায়েন থাকবে। যে কোন অপরাধের তথ্য দ্রুততম সময়ের মধ্যে পুলিশকে দিতে হবে।
৪. পবিত্র রমজানে অতিরিক্ত পণ্য মজুদ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো যাবে না। পণ্যে ভেজাল, বিশেষ করে ইফতারসহ খাদ্য-সামগ্রী স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত ও বিক্রয় করতে হবে। কোন ব্যত্যয় হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫. মাদকের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স নীতি আছে। যে বা যারাই মাদক ব্যবসার সাথে জড়িত থাকুক না তথ্য ও প্রমাণ গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং খুব শীঘ্রই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
৬. সিএনজি বা অটোরিকশায় অপরিচিত যাত্রীকে নিয়ে দূরে বা নির্জনপথে ভাড়ায় যাওয়া যাবে না। যেতে হলে যাত্রীদের নাম পরিচয় গন্তব্য নিকটাত্মীয় ও পুলিশকে জানাতে হবে।
৭. গভীর রাতের উচ্চস্বরে মিউজিক বা সাউন্ড বাজানো যাবে না, এ বিষয়ে থানায় অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৮. সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে নিজ নিজ ধর্ম পালন করতে হবে। কোনভাবেই কোন গুজবে কান দেয়া যাবে না, কোন অভিযোগ থাকলে দ্রুত থানায় জানাতে হবে। রমজান মাসের পবিত্রতা রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
পরিশেষে প্রধান অতিথি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এরপর বান্দুরা বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও নিরাপত্তা বিধানে বাজার কমিটি ও স্থানীয় ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ, পিপিএম, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, নবাবগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুকুমার হালদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বান্দুরার বীর মুক্তিযোদ্ধাগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্বর্ণ ব্যবসায়ীগণ, ব্যাংকার, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাস/অটোরিকশা/সিএনজি মালিক, চালকগণসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।








