নবাবগঞ্জে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

মাকসুমুল মুকিম দোহার-নবাবগন্জ :

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হাশিম শেখ(৬৫) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের মাতাবপুর গ্রামে ঘাসের জমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত হাশিম শেখ ওই গ্রামের মৃত তজুমদ্দিন শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে উপজেলার কৈলাইল ইউনিয়নের মাতাবপুর গ্রামে হাশিম শেখ নিজ জমিতে গরুর ঘাস কাটতে যায়। সকালে স্থানীয়রা হাশিম শেখের গলাকাটা লাশ জমিতে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন শেষে লাশের ময়নাতদন্তের জন্য দুপুরে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিহত হাশেম শেখের ছেলে আরিফ জানায়, বাড়ি থেকে একটু দূরে তাদের ঘাসের জমি ছিল। প্রায় প্রতিদিনই জমি থেকে ঘাস চুরি হতো। তার বাবার সাথে পূর্বে কারো বিরোধ ছিল না। হত্যাকারীদের খুজে বের করে শাস্তির দাবি জানান তিনি।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, এটি একটি নৃশংস হত্যাকান্ড। হত্যাকান্ডর ক্লু উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

You might like