ফরিদগঞ্জে মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি :
মাদ্রাসার প্রধান ফটক বন্ধ করে অধ্যক্ষসহ ৮টি পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। অন্যদিকে আবেদন করেও প্রবেশপত্র না দেয়ার অভিযোগে উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছের একাধিক প্রার্থী। ঘটনাটি শনিবার (২০মে) চাঁদপুরের ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামীয়া আলিম মাদ্রাসায় ঘটে।

জানা যায়, উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নিদুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় ৮ পদে নিয়োগের বিষয়ে চলতি বছরের ১০ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পেয়ে ৮টি পদে শনিবার (২০মে) পরীক্ষাও অনুষ্ঠিত হয়।

কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হলেও বিভিন্ন পদের অন্তত ৯জন আবেদনকারী প্রবেশপত্র না পাওয়ায় তারা পরীক্ষায় অংশগ্রগণ করতে পারেননি। বিষয়টির প্রতিকার চেয়ে শনিবার (২০মে) সকালে সাকিল হোসেনসহ বেশ কয়েকজন যৌথ ভাবে উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন।

সরেজমিন শনিবার দুপুরে গেলে দেখা যায়, হর্নি দূর্গাপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার প্রধান ফটক বন্ধ। পরে খোঁজ নিয়ে জানা গেছে ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বিষয়ে মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, কোন ধরনের অনিয়ম হয়নি। ৯ জন আবেদনকারিকে পরীক্ষার এডমিট কার্ড দেওয়া হয় নি কেন?

জানতে চাইলে তিনি বলেন, তাদের কাগজপত্রে ত্রুটি ছিল তাই তাদের দেওয়া হয়নি।

তিনি আরোও জানান, শাকিল নামের এক প্রার্থীর উচ্ছ্বৃংখলতার কারণে নিয়োগ পরীক্ষার ২/৩দিন পূর্বেই থানায় জিডি করেছি। আর নিরাপত্তার সার্থেই প্রধান ফটকে তালা দিয়েছি। এছাড়া কিছু সংখ্যক সংবাদকর্মী আমার নিকট ২ লাখ টাকা দাবী করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমি এই নিয়োগ কমিটিতে নেই। নিয়োগ পরীক্ষার্থীরা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে পরীক্ষা দিতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন কোন নিয়ম নেই।

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহ-পরিচালক ডিজির প্রতিনিধি আবু নঈম জানান, নিয়ম মেনেই নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। পর্যাপ্ত সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতিতেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার সময় জানতে চাইলে তিনি জানান, পরীক্ষা ১২ টায় হওয়ার কথা থাকলেও দুপুর ১টায় নেওয়া হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা জানান, কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রবেশ পত্র পায়নি বলে লিখিত অভিযোগ দিয়েছে। পরীক্ষার দিন অভিযোগ করায় কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

You might like