শাহরাস্তিতে অবৈধ বালু উত্তোলনের সময় আটক ১

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধ বালু উত্তোলনের সময় মোঃ মোবারক হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে আটককৃতকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ডাকাতিয়া নদীর পাশ দিয়ে নির্মাণাধীন সরকারি ওয়াকওয়ের পাশে (সূচীপাড়া ব্রিজ হতে ছিখুটিয়া ব্রিজ পর্যন্ত) রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করা হচ্ছিল । গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১ টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদ হোসেনের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান সঙ্গীয় ফোর্স ওই স্থানে অভিযান চালায়।

ওই সময় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মাইজের বাড়ির মৃত ইয়াকুব আলীর পুত্র মোবারক হোসেনকে আটক করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে দুটি শিফাং (SIFANG) কোম্পানির মেশিন, ১২ টি নীল রঙের প্লাস্টিকের ড্রাম এবং কাঠ ও লোহার ফ্রেমে প্রস্তুতকৃত ১ টি ছোট ড্রেজার মেশিন জব্দ করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদ হোসেন জানান, ধৃত আসামীসহ অজ্ঞাতনামা আসামীগন ড্রেজার দিয়ে অবৈধভাবে সরকারি প্রকল্পের অধীন নির্মাণাধীন ওয়াকওয়ের পাশে বালু উত্তোলন করার সংবাদে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(খ) ধারার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত কে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

You might like