

মো. গোলাম কিবরিয়া | রাজশাহী জেলা
রাজশাহীতে নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এক সহকারী অধ্যাপকের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছেন। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরের চৌদ্দপায় এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে টায়ার জ্বালিয়ে এই অবরোধ শুরু হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর এ জে এম নূর আলম এক শিক্ষার্থীকে আন্দোলনে অংশগ্রহণ করলে ছাত্রত্ব বাতিলের হুমকি দেন। এই কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, অডিওটি এডিট করা হয়েছে এবং তা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি তদন্তের আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দিয়েছেন আগামীকাল (২৬ আগস্ট) দুপুর ১২টার মধ্যে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অন্যথায় তাঁরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
শেয়ার করুন













