

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে পদ্মা এক্সক্লুসিভ পরিবহনের মালিক ও শ্রমিকরা।
বুধবার (২৭ আগষ্ট) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙ্গা এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি করা হয়।

জানা যায়, চাঁদপুর থেকে ঢাকাগামী আল আরাফাহ ও পদ্মা এক্সক্লুসিভ নামের দুটি পরিবহন চালু রয়েছে। পদ্মা এক্সক্লুসিভ মালিক পক্ষ আল আরাফাহ পরিবহনের রুট পারমিট না থাকার অভিযোগ এনে সকাল থেকে বিক্ষোভ করে। এতে দুটি বাস সার্ভিস সকাল থেকে বন্ধ হয়ে যায়। আকস্মিক এ সার্ভিস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে হাজারো যাত্রী। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পরবর্তীতে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন ঘটনাস্থলে এসে উভয় পক্ষের কথা শুনে জেলা প্রশাসকের সাথে আলোচনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন উভয় পক্ষের সাথে সভা করে পরবর্তী সিদ্ধান্তের আশ্বাসের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু জানান, ফিটনেসবিহীন বাস, অতিরিক্ত ভাড়া আদায়, অনুমতি ছাড়া কাউন্টার সহ নানা অনিয়মের জন্য আমরা প্রতিবাদ করছি।
পদ্মা এক্সক্লুসিভ মালিক সমিতির সদস্য সুমন মিজি জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের তোপের মুখে পদ্মা এক্সক্লুসিভ মালিক ও শ্রমিকরা কোণঠাসা হয়ে পড়ে। আমরা এ ধরনের বৈষম্য চাই না।
আল আরাফাহ পরিবহনের কাউন্টার ম্যানেজার রুবেল হোসেন জানান, আমরা নিয়ম মেনে পরিবহন পরিচালনা করছি। হঠাৎ করেই প্রতিপক্ষরা আমাদের ওপর চড়াও হয়। এতে চালক ছানাউল্লাহ আহত হন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে নির্দেশনা দেবেন আমরা তা বাস্তবায়ন করবো। এ ঘটনায় যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সে লক্ষ্যে আমরা কাজ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, আমরা কাগজপত্র খতিয়ে দেখবো। কোনো প্রকার নিয়মের ব্যত্যয় ঘটলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবো।
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
শেয়ার করুন












