কুমিল্লায় নূরজাহান হোটেলের সামনে আবারও সড়ক দুর্ঘটনা: এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় প্রাণহানি

সংবাদ প্রতিবেদন : জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা | ২৮ আগস্ট ২০২৫

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নূরজাহান হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ণে আবারও প্রাণ গেলো এক পথচারীর। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, এবং ঘাতক গাড়িটির সনাক্তকরণও সম্ভব হয়নি।

এই একই স্থানে মাত্র এক সপ্তাহ আগে ভয়াবহ এক দুর্ঘটনায় সিমেন্টবোঝাই একটি কাভার্ডভ্যান উল্টে পড়ে একটি প্রাইভেট কারের উপর। ওই ঘটনায় একই পরিবারের চারজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর জেলা প্রশাসন, সড়ক বিভাগ, সেনাবাহিনী ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতার মাঝেও আবারো প্রাণহানির ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এলাকাবাসীর দাবি, ইউটার্ণটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এখানে দ্রুতগতির যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল প্রায়শই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

নতুন এই দুর্ঘটনা প্রশাসনের প্রতি আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জোরালো করেছে। স্থানীয়রা দ্রুতগতির যান নিয়ন্ত্রণ, স্পিডব্রেকার স্থাপন এবং ইউটার্ণের নকশা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy