ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত হবে না : বিএনপি নেতা জাহিদ

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি ॥

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কোনো ষড়যন্ত্রই আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়ামে দিনাজপুর শিক্ষক কর্মচারী জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি যেকোনো সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। ১৯৭১ সালে যে দলের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল, তারা করেনি। কেউ আত্মসমর্পণ করেছেন, কেউ নদী পার হয়ে পালিয়েছিলেন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এবং দেশ স্বাধীন করে ব্যারাকে ফিরে গেছেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ জিয়াউর রহমানকে ভালোবাসতেন, তাই তাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণসহ যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, এখন যারা হুংকার দিচ্ছেন, তারা প্রকারান্তরে ফ্যাসিস্টদের পুনর্বাসনের পথ সুগম করছেন। তবে তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেই আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ।

সম্মেলনে দিনাজপুর শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক গোলাম মাওলা প্রমুখ।

শেয়ার করুন
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy