

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
মানসিক স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক স্বাস্থ্যসেবা কর্মসূচি।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) দিনাজপুরের নভারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় “মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধী ব্যক্তি ও কেয়ারারদের স্বাস্থ্যসেবা বিষয়ক হেলথ ক্যাম্প”। কেয়ারার ওয়ার্ল্ড ওয়াইড এবং ভিতোল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর আয়োজনে হেলথ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
হেলথ ক্যাম্পে ২৫০ জন মানসিক প্রতিবন্ধী ব্যক্তি এবং তাঁদের ২৫০ জন কেয়ারারকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। শুধু চিকিৎসা নয়, তাঁদের হাতে এক মাসের প্রয়োজনীয় ঔষধও তুলে দেওয়া হয়। এতে অংশগ্রহণকারীরা যেমন সরাসরি চিকিৎসাসেবা পেয়েছেন, তেমনি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও পরামর্শও পেয়েছেন।
চিকিৎসাসেবা প্রদান করেন মানসিক রোগ বিশেষজ্ঞ (সাইক্রিয়াটিস্ট) ডা. নাজমুল হোসেন ও ডা. জলদি নাত রায় এবং মেডিসিন বিশেষজ্ঞ শান্তিপ্রিয় হাজদা। তাঁদের সঙ্গে ছিলেন কেয়ারার প্রজেক্টের ফিল্ড ম্যানেজার মুকুল কিস্কু, সাইকো-সোশ্যাল কাউন্সেলর ববিতা আক্তার নদী এবং রকনুজ্জামান খান, যারা অংশগ্রহণকারীদের মানসিক সহায়তা ও কাউন্সেলিং প্রদান করেন।হেলথ ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটিট রাসেল রানা, মো: রাসেল রানা, মো: মামুনুর রশিদ, দিথি মহন্ত,ভুবন চন্দ্র বর্মন প্রমুখ।
ক্যাম্পে আগত অনেকেই জানান, মানসিক রোগীদের চিকিৎসা ও সেবা গ্রহণের সুযোগ খুবই সীমিত। এই ধরনের ক্যাম্প তাঁদের জন্য আশার আলো হয়ে এসেছে। বিশেষ করে কেয়ারারদের জন্য আলাদা সেবা ও পরামর্শের ব্যবস্থা থাকায় তাঁরা নিজেদের গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হয়েছেন।
আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র পক্ষ থেকে জানানো হয়, আমরা বিশ্বাস করি, মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি তাঁদের কেয়ারারদেরও সঠিক স্বাস্থ্যসেবা ও মানসিক সহায়তা প্রয়োজন। এই ক্যাম্পের মাধ্যমে আমরা সেই চাহিদা পূরণে একটি ছোট পদক্ষেপ নিয়েছি।
দিনাজপুরে এই ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং নিয়মিতভাবে এমন ক্যাম্প আয়োজন করা হবে, যাতে সমাজের অবহেলিত ও উপেক্ষিত এই জনগোষ্ঠী সঠিক সেবা ও মর্যাদা পায়।
শনিবার, ১১ অক্টোবর ২০২৫















