আর্থিক অক্ষমতা, অজ্ঞতা কিংবা সামাজিক প্রতিবন্ধকতার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত সাধারণ মানুষ : সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :  চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির ২০২৬ সালের ৫ম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।

সভাপতির বক্তব্য সিনিয়র জেলা জজ বলেন, ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার। কিন্তু অনেক সময় আর্থিক অক্ষমতা, অজ্ঞতা কিংবা সামাজিক প্রতিবন্ধকতার কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। লিগ্যাল এইড কার্যক্রম সেই বঞ্চনার বিরুদ্ধে একটি মানবিক ও রাষ্ট্রীয় উদ্যোগ, যা অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচারের দ্বার উন্মুক্ত করে দেয়।

তিনি বলেন, বিচার বিভাগের এই সেবামূলক কার্যক্রম কেবল আইনি সহায়তা প্রদান নয়, বরং ন্যায়বোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি আরও বলেন, লিগ্যাল এইড সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা, দায়িত্ববোধ এবং সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আইনজীবী, বিচার বিভাগীয় কর্মকর্তা, প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। তিনি সকলকে লিগ্যাল এইড বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানান, যাতে সমাজের প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন হয় এবং প্রয়োজনে লিগ্যাল এইডের সহায়তা গ্রহণ করতে পারে।

তিনি বলেন, আইনের দৃষ্টিতে সমতা ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারের নিশ্চয়তা প্রদান জনগণের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে যেন অসহায়, অস্বচ্ছল, সহায়-সম্বলহীন গরিব মানুষগুলো বঞ্চিত না হয়, সে জন্যই সরকার লিগ্যাল এইড কমিটি তথা জাতীয় আইনগত সহায়তা কমিটি গঠন করেছে। সরকারের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের একটি অংশ হলো লিগ্যাল এইড। অস্বচ্ছল বিচারপ্রত্যাশীদের বন্ধু হচ্ছে সরকার—এটাই লিগ্যাল এইডের মূলমন্ত্র। সরকারি এ উদ্যোগে লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা অস্বচ্ছল বিচারপ্রত্যাশীদের সহায়তা দিয়ে যাচ্ছেন। এ কাজের সঙ্গে জড়িত প্যানেল আইনজীবীরা অনেক আন্তরিক। তাঁরা নামমাত্র সরকারি ফিতে আইনগত সহায়তা দিয়ে থাকেন।

জেলা ও দায়রা জজ বলেন, সারা জেলার তৃণমূল থেকে জনপ্রতিনিধিদের লিগ্যাল এইডের সঙ্গে সম্পৃক্ত করার চিন্তাভাবনা রয়েছে, যাতে প্রত্যন্ত এলাকার গরিব, অসহায় ও অস্বচ্ছল মানুষগুলো বিনা খরচে সরকারিভাবে আইনি সহায়তা পায়। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, আমরা প্রত্যেকেই যে যে পেশায়, যে যে অবস্থানে আছি, সেখান থেকেই সমাজের জন্য সেবার মানসিকতা নিয়ে কিছু করার সুযোগ রয়েছে। আমরা যেন তা করি।

চীফ লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সিভিল জজ) মো. আবদুল আলিমের পরিচালনায় বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নাজমুন নাহার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফর রহমান, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাড. কোহিনুর বেগম, সরকারি কৌশলী (জিপি) অ্যাড. এ. জেড. এম রফিকুল হাসান (রিপন), জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, সমাজসেবা অফিসার (নিবন্ধন) মোঃ মনিরুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার বিল্লাল হোসেন, জীবন দীপ মানব উন্নয়ন সেবামূলক সংগঠনের সভাপতি অ্যাড বিনয় ভূষন মজুমদার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ, সিভিল জর্জ সোহেল আহমেদ, প্যানেল আইনজীবী প্রভাষ চন্দ্র সাহা।

প্রকাশিত : বুধবার, ২০ মে ২০২৬ খ্রি.

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy