জমকালো আয়োজনে যাত্রা শুরু করল বিউটি পার্লার মালিক ও নারী উদ্যোক্তাদের সংগঠন গ্ল্যামার ক্লাব

সাইদ হোসেন অপু চৌধুরী :
বিউটি পার্লার মালিক ও নারী উদ্যোক্তাদের পেশাজীবী সংগঠন গ্ল্যামার ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিপুলসংখ্যক বিউটি পার্লার মালিক ও নারী উদ্যোক্তার উপস্থিতিতে কেক কেটে সংগঠনটির শুভ সূচনা করা হয়।

কুইন বিউটি পার্লারের কর্ণধার, নারী উদ্যোক্তা ও বিউটি স্পেশালিস্ট লিপি আক্তারের আহ্বানে গঠিত সংগঠনটির সমন্বয়ক হিসেবে রয়েছেন লাবনী আক্তার, মুক্তা আক্তার, রুবি রহমান, বিথী ও বৃষ্টি আক্তার। তাদের সম্মিলিত উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তাদের এক ছাতার নিচে আনার লক্ষ্যেই গ্ল্যামার ক্লাব’ প্রতিষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, পথশিশু উন্নয়নকর্মী এবং ইউনিসেফের কমিউনিকেশন স্পেশালিস্ট সাঈদ মিলকী।

তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরাও বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে। গ্ল্যামার ক্লাবের মতো উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত সক্ষমতা আরও বিকশিত করবে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনের আহ্বায়ক লিপি আক্তার বলেন, বাংলাদেশে বিউটি পার্লার মালিক ও নারী উদ্যোক্তাদের জন্য শক্তিশালী ও কার্যকর পেশাজীবী সংগঠনের প্রয়োজন দীর্ঘদিনের। সেই প্রয়োজন থেকেই গ্ল্যামার ক্লাবের যাত্রা শুরু। আমরা সদস্যদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং যেকোনো সংকটে একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।

তিনি জানান, ভবিষ্যতে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, ব্যবসা উন্নয়ন কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নারীর নিরাপদ কর্মপরিবেশ, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে সরকারের চলমান উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখে গ্ল্যামার ক্লাব কাজ করবে। একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

প্রকাশিত : সোমবার, ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy