পলিকে সঙ্গে নিয়ে বড় পর্দায় ফিরছেন রাসেল মিয়া

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
চলচ্চিত্রপাড়ার পরিচিত মুখ ও আলোচিত নায়ক রাসেল মিয়া নতুন চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন। সিনেমা মুক্তিকে কেন্দ্র করে ভিন্নধর্মী ও অভিনব প্রচারণার জন্য বরাবরই আলোচনায় থাকেন তিনি। কখনো ভ্যানগাড়িতে ছবির পোস্টার নিয়ে মাইকিং করে, আবার কখনো পথের মানসিক ভারসাম্যহীন মানুষ ও পথশিশুদের নিজ হাতে রান্না করে খাইয়ে ব্যতিক্রমী প্রচারণার মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেতা।

এবার একসময়ের জনপ্রিয় ও ব্লকবাস্টার নায়িকা পলির সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন রাসেল মিয়া। তাঁদের নতুন সিনেমার নাম ‘পাত্রী চাই’। সম্প্রতি ‘পাত্রী চাই’ শিরোনামের গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে রাজধানীর অদূরে পুবাইলে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

তারারদেশ লিমিটেডের প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করছেন পরিচালক রিদম খান শাহীন।

সিনেমাটিতে থাকছে মন ছুঁয়ে যাওয়া তিনটি গান। গানগুলোর গীতিকার ও সুরকার শিমুল মাহমুদ। তিনি এই চলচ্চিত্রের প্রযোজকের দায়িত্বও পালন করছেন।

সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রযোজক শিমুল মাহমুদ বলেন, চলচ্চিত্রের বর্তমান মন্দাভাব কাটিয়ে আমরা আবারও ভালো দিন ফিরিয়ে আনব। এ জন্য ইন্ডাস্ট্রির সবার একতা ও পারস্পরিক সাহস প্রয়োজন। আমি মনেপ্রাণে দেশীয় চলচ্চিত্রের পাশে থাকার চেষ্টা করছি। আশা করি, ‘পাত্রী চাই’ সিনেমাটি দর্শকদের ভীষণ পছন্দ হবে। গল্পটি সম্পূর্ণ মৌলিক।

নিজের নতুন কাজ প্রসঙ্গে রাসেল মিয়া বলেন, একটি মানসম্মত ও ভালো চলচ্চিত্র নির্মাণের পেছনে পুরো টিমের অক্লান্ত পরিশ্রম থাকে। আমি এবং আমাদের পুরো টিম কঠোর পরিশ্রম করছি, যেন সিনেমাটিকে দর্শকদের হৃদয়ে পৌঁছে দেওয়া যায়।

নির্মাতা ও সংশ্লিষ্টরা আশা করছেন, গল্প, গান ও অভিনয়ের সমন্বয়ে ‘পাত্রী চাই’ দর্শকদের বিনোদনের পাশাপাশি দেশীয় চলচ্চিত্রের প্রতি নতুন করে আগ্রহ তৈরি করবে।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy