

সাইদ হোসেন অপু চৌধুরী :
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার চাঁদপুরে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে শহরের বাসস্ট্যান্ডে নির্ধারিত পথসভার পরিবর্তে কালীবাড়ি বাইতুল আমিন চত্বরে সংক্ষিপ্ত পরিসরে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে দেওয়া কর্মসংস্থানসহ বিভিন্ন প্রতিশ্রুতি সরকার এখনো বাস্তবায়ন করতে পারেনি। লোডশেডিং বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়নি বলেও তিনি অভিযোগ করেন। এছাড়া গণভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, অতীতের সরকারের মতো বর্তমান সরকারও জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত করেনি।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। গণভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব মো. আকরাম হোসেন ও মহিউদ্দিন রনি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বকর মজুমদার এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও নাবিদ নওরোজ শাহ।
এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতারা মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নেন।

















