দক্ষিণ মৈশাদী সড়কে ভয়াবহ ভাঙন, চরম ঝুঁকিতে জনসাধারণের চলাচল

সজীব খান, চাঁদপুর :
সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ মৈশাদী সড়কের পাটওয়ারী বাড়ির সামনের অংশে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। দিন দিন ভাঙনের পরিধি বাড়তে থাকায় গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশে ভাঙন থাকলেও কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। সাম্প্রতিক বৃষ্টি ও পানি নিষ্কাশনের সমস্যার কারণে ভাঙন আরও বিস্তৃত হয়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়েই স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ শত শত মানুষ এই সড়ক দিয়ে চলাচল করছেন।

স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে ভাঙা অংশটি স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। ইতোমধ্যে ছোটখাটো কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে বলে তারা জানান। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এলাকাবাসী অবিলম্বে ভাঙা অংশটি মেরামত করে সড়কটি চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, এই সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হওয়ায় দ্রুত সংস্কার কাজ শুরু করা হলে জনদুর্ভোগ কমবে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

প্রকাশিত : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy