

সজীব খান :
চাঁদপুর জেলায় প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও দাপ্তরিক কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে একযোগে ৩১ জন প্রশাসনিক কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) এরশাদ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা ও সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত ৩১ জন প্রশাসনিক কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে একযোগে এতসংখ্যক কর্মকর্তার বদলির ঘটনায় জেলার প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ বদলির মাধ্যমে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং মাঠপর্যায়ের সেবার মান আরও উন্নত হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বদলির আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তরকে সরকারি নির্দেশনা অনুযায়ী দ্রুত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রকাশিত : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

















