

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং চরআবাবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর পাঙ্গাসিয়া গ্রামের মোল্লা বাড়িতে নতুন একটি অটোরিকশায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অটোরিকশাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত চালক মো. জুম্মান হোসেন (জাফর মোল্লার ছেলে) দাবি করেছেন, এটি ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস।

সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়িতে চার্জে থাকা অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা অটোরিকশাটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই অটোরিকশাটির বড় ধরনের ক্ষতি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত জুম্মান হোসেন জানান, অনেক কষ্ট করে ঋণ ও ধারদেনা করে নতুন অটোরিকশাটি কিনেছিলেন। এর আগেও তার অটোরিকশার ব্যাটারি চুরি হয়েছিল। এবার পুরো অটোরিকশায় আগুন দেওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে এমন নাশকতার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলেন, কয়েকদিন ধরেই এলাকায় চুরি ও নাশকতার ঘটনা বেড়েছে। আগেও জুম্মান হোসেনের অটোরিকশার ব্যাটারি চুরি হয়েছিল। এবার অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জুম্মান হোসেন বলেন, “এই অটোরিকশাটিই ছিল আমার সংসারের একমাত্র আয়ের অবলম্বন। আগুনে এটি পুড়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব। পরিবারের ভরণপোষণ কীভাবে করবো, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছি। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।”
স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা বলেন, ব্যক্তিগত শত্রুতা বা পরিকল্পিত নাশকতার কারণেই এ ধরনের ঘটনা ঘটতে পারে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
প্রকাশিত : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

















