চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার মামলায় শিক্ষক কারাগারে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কানুদী মনোহরখাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন পাটওয়ারীকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলা নং-১৫৬/২০২৬-এর আসামি আনোয়ার হোসেন পাটওয়ারীকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ষোলঘর এলাকার ওয়ালটন শোরুমের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুর মডেল থানার এসআই সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পরে মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী একজন প্রবাসীর স্ত্রী। তার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা-মোকদ্দমা থাকার কথা তারা শুনেছেন। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের কেউ কেউ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ চৌধুরী জানান, বিষয়টি আমরা শুনেছি, তার বিরুদ্ধে আনা অভিযুক্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সে সাসপেন্ড থাকবে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, শিক্ষক আনোয়ারের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছিলো, ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে, গ্রেপ্তারে দেখিয়ে তাকে আদালত করা হয়।

প্রকাশিত :  ‍সোমবার, ১০ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy