দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: সিভিল জজ নিহত

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি :

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম ছামিউল হক নামের এক বিচারক নিহত হয়েছেন।

সোমবার ভোর ৪টার দিকে জামালপুরের লাহিড়ীকান্দা কানিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িটির চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।

নিহত এ কে এম ছামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছোটগাড়া গ্রামের এ কে এম ফজলুল হকের ছেলে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান- বিচারক ছামিউল হক ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারযোগে জামালপুর ফিরছিলেন। পথিমধ্যে লাহিড়ীকান্দা কানিল এলাকায় রড বোঝাই একটি ট্রাকের চাকা ফুটো হয়ে গেলে সেটির চালক ও হেলপার গাড়িটি সড়কের ওপর রেখেই ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিচারক ছামিউল হককে মৃত ঘোষণা করেন। আহত চালক ইদ্রিস আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। একজন নবীন বিচারকের অকাল এই মৃত্যুতে শোকাহত তার সহকর্মী ও স্বজনেরা। শোক বিরাজ করছে জামালপুরের আদালত প্রাঙ্গনে।

তার এই মৃত্যুতে শোক বার্তা দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন।

প্রকাশিত :  ‍সোমবার, ১০ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy