

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

এ সময় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিরা খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এই টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভা দল অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, রংপুরে ৪ খুনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় খেলা কতটা জরুরী। মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার একমাত্র উপায় তাদের খেলার মাঠে নিয়ে আসা।
এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন সহ জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলা দেবীগঞ্জ পৌরসভা একাদশ ৪-৩ গোলে আটোয়ারী উপজেলা একাদশকে পরাজিত করে। আগামী মঙ্গলবার একই মাঠে বোদা পৌর সভা দল পঞ্চগড় সদর উপজেলা দলের মুখোমুখি হবে। বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন।
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট ২০২৬
















