

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
মানবিক ও সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে অষ্টম বর্ষ পূর্ণ করে নবম বর্ষে পদার্পণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা’। ২০১৮ সালের ৩১ আগস্ট যাত্রা শুরু করা সংগঠনটি দীর্ঘ আট বছর ধরে রক্তদান, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে অর্থ, বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ, অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং দরিদ্র পরিবারের কন্যার বিয়েতে সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২৮ আগস্ট) নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির বর্ষবরণ ও স্বেচ্ছাসেবী মিলনমেলা। দিনব্যাপী আয়োজনে ছিল রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, দোয়া মাহফিল, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ।
এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীদেরও তাঁদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়। সন্ধ্যায় কেক কাটার আয়োজন এবং রাতে স্টেশনে অবস্থানরত অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় অষ্টম বর্ষপূর্তির আয়োজন।

সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিষ্ঠাতা সভাপতি সাগর বিশ্বাস বলেন, আজ ৩১ আগস্ট। আজ থেকে আট বছর আগে এই দিনে ভালোবাসা ও মানবতার সংগঠন ‘আলোর দিশা’র পথচলা শুরু হয়েছিল। চলতে চলতে আজ আটটি বছর পূর্ণ করে নবম বর্ষে পদার্পণ করেছে আলোর দিশা।
তিনি বলেন, “সংগঠন নিয়ে আমার একটিই স্বপ্ন—এই আলোর দিশার মানবতার আলো ছড়িয়ে পড়ুক সমগ্র বাংলাদেশের মানুষের মাঝে। আমার মৃত্যু হলেও যেন থেমে না যায় মানবতার এই পথচলা।
সাগর বিশ্বাস আরও বলেন, “সারাদেশের বিত্তবান ও মহৎ হৃদয়ের মানুষের কাছে আমার আবেদন, কয়েকজন তরুণের স্বপ্নে গড়ে ওঠা এই ‘আলোর দিশা’কে আপনাদের সার্বিক সহযোগিতায় আরও শক্তিশালী করে তুলুন। আলোর দিশা দেশের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য কাজ করতে চায়। এ পথচলা অব্যাহত রাখতে প্রয়োজন আপনাদের সহযোগিতা।
সংগঠনটির স্বেচ্ছাসেবীরা মনে করেন, মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আগামী দিনে আরও বিস্তৃত হবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ‘আলোর দিশা’ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

















