জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি :

জামালপুর পৌর এলাকার চালাপাড়া গ্রামে রোকসানা আক্তার শিলা নামে এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ।

নিহত রোকসানা আক্তার শিলা চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তার বর্তমান স্বামীর নাম রফিকুল ইসলাম। তিনি জামালপুর শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহতের ছেলে ও বোন বাড়িতে এসে রোকসানার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, রোকসানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মুখে আঁচড়ের মতো দাগ দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের আরও দাবি, প্রায় এক মাস আগে রোকসানার খালাতো ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ হয়েছিল। পাশাপাশি তার বাসায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের যাতায়াত ছিল বলেও স্থানীয়রা জানান। তবে এসব বিষয় মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নিহতের মা ছফিরন নেসা বলেন, “রাতে আমার মেয়ে একাই ছিল। রাত ১০টার দিকে সে সুস্থ ছিল। সকালে ১১টার দিকে এসে মেয়ের ম*র*দে*হ দেখতে পাই।”

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, রোকসানা আক্তার শিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কি না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই রোকসানার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy